দুইদিনে চীন থেকে সিনোফার্মের মোট ৩৪ লাখ করোনাভাইরাসের টিকা দেশে এসেছে। এর মধ্যে মঙ্গলবার এসেছে ১৭ লাখ আর বুধবার এসেছে আরও ১৭ লাখ টিকা।
বুধবার (১১ আগস্ট) সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ১৭ লাখ টিকা এসে পৌঁছে। স্বাস্থ্য অধিদফতরের সংশ্লিষ্ট কর্মকর্তারা টিকার চালান গ্রহণ করেন।
মঙ্গলবার রাতে বিমান বাংলাদেশে এয়ারলাইনসে আরও ১৭ লাখ টিকা এসে পৌঁছায়।
বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাঈদুল ইসলাম প্রধান বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট বিকেলে ১৭ লাখ টিকা নিয়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। বেইজিংয়ের স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে এই টিকা নিয়ে ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা দেয়।
গত ০৩ জুলাই চীন থেকে প্রথম দফায় বাণিজ্যিকভাবে কেনা ২০ লাখ টিকা দেশে আসে। ১৭ জুলাই দ্বিতীয় দফায় আসে আরও ২০ লাখ টিকা। এরপর ৩০ জুলাই আরও ৩০ লাখ। এছাড়া বাংলাদেশকে দুই দফায় ১১ লাখ টিকা উপহার দেয় চীন। প্রথম দফায় ১২ মে চীন বাংলাদেশকে সিনোফার্মের ৫ লাখ ডোজ টিকা উপহার দেয়। দ্বিতীয় দফায় দেয় আরও ৬ লাখ ডোজ।
এমবি





