যশোরে পুলিশকে লক্ষ্য করে বৃষ্টির মতো বোমা ছুড়েছে সন্ত্রাসীরা। সোমবার রাত ১১টার দিকে শহরের রেলজংশনের কাছে ষষ্ঠিতলাপাড়ায় এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী শহরের রামকৃষ্ণ আশ্রম রোড এলাকার সোহান নামে এক যুবক সাংবাদিকদের জানান, রাত ১১টার দিকে রেলজংশনের কাছে এক পথচারীর কাছ থেকে টাকা ছিনতাই করে কয়েক দুর্বৃত্ত।
উপস্থিত লোকজন ওই এলাকায় ডিউটিরত এএসআই রিয়াজুল ইসলাম তার সহযোগী পুলিশ সদস্যদের নিয়ে ছিনতাইকারীদের ধাওয়া করেন ছিনতাইকারীরা দৌঁড়ে পাশে ষষ্ঠিতলাপাড়ার রাস্তায় ঢুকে পড়ে। সেখান থেকে তারা পুলিশ ও জনতাকে লক্ষ্য করে বোমা ছুড়তে থাকে।
খবর পেয়ে কোতয়ালী থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার, চাঁচড়া ফাঁড়িসহ বেশ কয়েকটি স্টেশনের পুলিশ ঘটনাস্থলে এসে দুর্বৃত্তদের খুঁজতে শুরু করে।পুলিশ কর্মকর্তা আবুল বাশার সাংবাদিকদের জানান, এ সময় দুর্বৃত্তরা পুলিশকে লক্ষ্য করে ফের বোমা ছুড়তে থাকে। দুই দফায় তারা অন্তত ২৫টি বোমা ছুড়েছে বলে তিনি জানান।
বোমার স্প্লিন্টারে সুমন (২২) নামে এক পথচারী এবং আব্দুর রশিদ (২২) নামে এক আনসার ব্যাটালিয়ন সদস্য আহত হন। বড় ধরনের ক্ষয়ক্ষতি না হলেও বোমার শব্দে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়।
ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার জানান, দুর্বৃত্তদের খুঁজে বের করতে পুলিশ অভিযান চালাচ্ছে। ঘটনাস্থল থেকে আলামত হিসেবে স্প্লিন্টারসহ বোমার অংশবিশেষ উদ্ধার করা হয়েছে বলেও তিনি জানান।
তরিকুল ইসলাম তারেক/জেড





