ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে সোহেল মির্জা (২৮) নামের এক যুবক মারা গেছেন। বুধবার সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
সোহেল উথুরী গ্রামের উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মকবুল মির্জার ছেলে। এঘটনায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, উপজেলার উথুরী গ্রামের মকবুল মির্জার পরিবারের সঙ্গে একই এলাকার হাসিম উদ্দিনের ছেলে বুলবুলের দীর্ঘ দিন যাবৎ বিরোধ চলে আসছিল। এর জের ধরেই বুধবার সকালে বাড়ির পাশে একটি দোকানের সামনে বুলবুলের সঙ্গে সোহেলের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বুলবুল সোহেলের পেটে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে গফরগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ আব্দুল্লাহ জানান, দুপুরে নিহত সোহেলের মা ফরিদা আক্তার রাণী বাদী হয়ে ১০ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছেন। এর প্রেক্ষিতে দুপুরেই অভিযান চালিয়ে ঘাতক বুলবুলের বাবা হাসিম উদ্দিনকে আটক করা হয়েছে।
জেইউ





