শ্রমিকদের পাওনা না দিয়ে জোরপূর্বক স্বাক্ষর নেয়ায় লাভক্রাফট গার্মেন্ট মালিক এহসান এলাহীর বিচার দাবি করেছে জাতীয় গার্মেন্টস শ্রমিক ফেডারেশন।
জাতীয় প্রেসক্লবের সামনে বুধবার ‘গার্মেন্টস শ্রমিক কালো পতাকা প্রতীকি অবস্থানে’ শ্রমিক নেতারা এ দাবি জানান।
বিপ্লবী গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সভাপতি সালউদ্দিন স্বপন বলেন, ‘লাভক্রাফট গার্মেন্টের শ্রমিকরা আইন অনুযায়ী একটি ইউনিয়ন গঠন করেছে। কিন্তু কারখানার মালিক এই ইউনিয়ন ধ্বংসের ষড়যন্ত্র চালাচ্ছে। অ্যালায়েন্সের বিশেষজ্ঞরা পরিদর্শনের পর কারখানা নিরাপদ না হওয়ায় বেশ কিছু সংস্কারমূলক পদক্ষেপ নিতে বলেছেন। কিন্তু কর্তৃপক্ষ সংস্কার না করে শ্রমিকদের বেতন ভাতা ও ক্ষতিপূরণ না দিয়ে কারখানা বন্ধ করে দিয়েছে। এতে প্রায় সাত শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়েছে।’
আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক সাফিয়া পারভীন অভিযোগ করে বলেন, ‘লাভক্রাফট গার্মেন্ট মালিক ভাড়াটে মাস্তান দিয়ে শ্রমিকদের ওপর হামলা চালায়। এতে চার শ্রমিক আহত হয়। শ্রমিকদের হাজিরা কার্ড ছিনিয়ে নিয়ে জোরপূর্বক অব্যাহতি পত্রে স্বাক্ষর নেয়া হয়।’
এ পরিস্থিতিতে কারখানা মালিকের শস্তির দাবি জানিয়ে তিনি আরও বলেন, ‘অবিলম্বে কারখানা খুলে দিতে হবে। শ্রমিকদের পাওনা পরিশোধ করতে হবে। ছিনিয়ে নেয়া আইডি কার্ড ফেরত দিয়ে শ্রমিকদের চাকরিতে পুনর্বহাল করতে হবে।’
এসময় আরও বক্তব্য রাখেন, জাতীয় গার্মেন্ট শ্রমিক কর্মচারী ফেডারেশনের সভাপতি এম দেলোয়ার হোসেন, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য কামরুল আহসান, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সহ-সভাপতি আবুল কালাম আজাদ প্রমুখ।
জেআই





