সংবিধানের ষোড়শ সংশোধনী বিল-২০১৪ পাস হওয়ার তিন মাসের মধ্যে (৯০ দিন) বিচারপতিদের অপসারণ সংক্রান্ত আইন প্রণয়ন করা হবে।

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠক শেষে বুধবার দুপুর ২টা ৪০ মিনিটে কমিটির সদস্য ও আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের এ তথ্য জানান।

তিনি বলেন, এই অধিবেশনের মধ্যেই বিলটি পাস করা হবে। বিল পাসের ৯০ দিনের মধ্যে কিভাবে বিচারপতিদের অপসারণ করা হবে, বিচারপতিদের অভিযোগ তদন্তের জন্য গঠিত তদন্ত কমিটি কেমন হবে- এ সংক্রান্ত সংশ্লিষ্ট আইন প্রণয়ন করা হবে। ওই সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের মতামতা গ্রহণ করা হবে।

বিচার বিভাগের স্বাধীনতা রক্ষায় ‘সর্বদলীয় আইনজীবী ঐক্যপরিষদ’ নামে একটি কমিটি মঙ্গলবার গঠন করা হয়। সংবিধান বিশেষজ্ঞ ও সিনিয়র আইনজীবী ড. কামাল হোসেনকে আহ্বায়ক করে এ কমিটি ঘোষণা করা হয়।

ওই কমিটি গঠন প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, গণতান্ত্রিক রাষ্ট্রে সবার মত প্রকাশের অধিকার আছে। কেউ যদি এ ধরনের কমিটি গঠন করে তা আইনের লঙ্গন নয়।

ঢাকা, ১০ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এএইচ