করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২৭ হাজার ৬৩৫ জন।

একই সময়ে নমুনা পরীক্ষায় আরও ৭০৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ১৫ লাখ ৬০ হাজার ১৫৫ জন।

গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮১৭ জন। এ নিয়ে দেশে করোনা আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ২১ হাজার ১১৩ জন।

বুধবার (০৬ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮২১টি ল্যাবে করোনার পরীক্ষা করা হয়েছে ২৪ হাজার ৩৭৬টি। নমুনা সংগৃহীত হয়েছে ২৪ হাজার ৫৩১টি। করোনা শনাক্তের হার ২ দশমিক ৮৮ শতাংশ। এই পর্যন্ত গড় শনাক্তের হার ১৫ দশমিক ৮১ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় মৃত ২১ জনের মধ্যে পুরুষ ৯ জন ও নারী ১২ জন। এখন পর্যন্ত পুরুষ মৃত্যুবরণ করেছে ১৭ হাজার ৭২৪ জন ও নারী ৯ হাজার ৯১১ জন।

মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগে ৮ জন, চট্টগ্রাম বিভাগে ৮ জন, খুলনা বিভাগে ২ জন, সিলেট বিভাগে ১ জন ও রংপুর বিভাগে ২ জন।

এমবি