মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের প্রভাষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার গোলাম ফায়জুল্লাহ ফাহিম পুলিশের সাথে 'বন্দুকযুদ্ধে' নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে মাদারীপুরের বাহাদুর এলাকার মিয়ারচরে ‘বন্দুকযুদ্ধে’ তিনি নিহত হন বলে মাদারীপুরের পুলিশ সুপার সারওয়ার হোসেন জানিয়েছেন।
এর আগে গতকাল মাদারীপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ফাহিমের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তাকে হাজির করে হত্যাচেষ্টা মামলার তদন্ত কর্মকর্তা ও সদর থানার এসআই বারিউল ইসলাম ১৫ দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচার ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
বৃহস্পতিবার রাতে শিক্ষক রিপন চক্রবর্তীকে হত্যাচেষ্টার ঘটনায় ফাহিমসহ ছয়জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা আরো কয়েকজনকে আসামি করে মামলা করেন সদর থানার এসআই আইয়ুব আলী।
উল্লেখ্য, বুধবার বিকেলে মাদারীপুরের সরকারি নাজিমউদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সামনে কলেজের গণিত বিভাগের প্রভাষক রিপন চক্রবর্তীর নিজ ভাড়া বাসায় হামলা চালায় তিন দুর্বৃত্ত। এ সময় ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে পালিয়ে যায় তারা। পালিয়ে যাওয়ার সময় ফায়জুল্লাহ ফাহিমকে আটক করে থানায় সোপর্দ করেন স্থানীয় লোকজন।
এমআর





