ফেনীর সোনাগাজী ও দাগনভূঞায় পৃথক সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। এ সময় অন্তত তিনজন আহত হয়েছেন।

মঙ্গলবার (০৬ এপ্রিল) রাতে সোনাগাজী উপজেলার তাকিয়া সড়কে ও দাগনভূঁঞা উপজেলার দুধমুখাবাজার এলাকায় এই দুটি দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সোনাগাজী উপজেলার চরচান্দিয়া ইউনিয়নের নবীউল্যাহ বাজারসংলগ্ন ওমর আলী সারেংবাড়ির আবদুল আজিজ খোকনের ছেলে মো: ফাহাদ (২০) ও নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চরহাজারী ইউনিয়নের মো: দুলালের ছেলে মো: রিয়াদ (১৯)।

পুলিশ ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সোনাগাজী পৌরসভার তাকিয়া রাস্তার মাথায় ইরানি হোটেলের সামনে কাভার্ডভ্যান একটি মোটরসাইকেলকে চাপা দেয়। স্থানীয় লোকজন মোটরসাইকেলচালক মো: ফাহাদ হোসেনকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মো: সাজেদুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ঘাতক কাভার্ডভ্যানচালক ও হেলপারকে আটক করা হয়েছে।

অন্যদিকে, রাত ১০টার দিকে দাগনভূঞা উপজেলার দুধমুখাবাজারসংলগ্ন উলাল মিয়ারটেক নামক স্থানে সিএনজি অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন নিহত হয়েছেন।

দাগনভূঞা থানার ওসি ইমতিয়াজ আহমেদ সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এমবি