নড়াইলের লোহাগড়া উপজেলা যুবদলের যুগ্ন সম্পাদক আশরাফ মল্লিক(৪২)’র রহস্যজনক মৃত্যূ হয়েছে। নিহত আশরাফ উপজেলার চর মল্লিকপুর গ্রামের কুটি মল্লিকের ছেলে।

নিহতের স্ত্রী সোহেলী বেগম (৩১) জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় তার স্বামী বাড়ি থেকে বের হয়। পরে তার মোবাইল ফোনে একাধিক বার ফোন দিলেও রিসিভ করেনি।

শুক্রবার ভোরে এলাকাবাসীর মাধ্যমে তিনি আশরাফের মৃত্যুর খবর পান। তিনি আরো জানান তার স্বামী কে পরিকল্পিত ভাবে খুন করা হয়েছে। হত্যাকান্ডে জড়িতদের বিচারের দাবিও করেন।

স্থানীয়রা জানান, যুবদল নেতা আশরাফ লোহাগড়া শহরের মদিনা পাড়ায় শ্বশুর ফরিদ শেখের বাড়িতে বসবাস করতেন। আশরাফের লাশ লোহাগড়ার সিরাজুল ইসলাম সিরুর  নির্মানাধীন বাড়িতে পড়েছিল।

খবর পেয়ে শুক্রবার সকাল ১১ টার দিকে লোহাগড়া থানার এসআই জাফর আহম্মদের নেতৃত্বে পুলিশের একটিদল ঘটনাস্থল থেকে নিহত যুবদল নেতার লাশ উদ্ধার করে। নড়াইল সদর হাসপাতালে লাশের ময়না তদন্ত হয়েছে।

লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহাঙ্গীর আলম যুবদল নেতার মৃত্যু বিষয়টি নিশ্চিত করে বলেন, নিহত যুবদল নেতা আশরাফের নামে চরমল্লিকপুর গ্রামের মুক্তিযোদ্ধা ফায়েক মাষ্টার হত্যা প্রচেষ্টাসহ গ্রাম্য দাঙ্গা-হাঙ্গামার তিনটি মামলা রয়েছে। ময়না তদন্তের রিপোর্ট পেলে আশরাফের মৃত্যু রহস্য উদঘাটন সহজ হবে।

হুমায়ুন কবীর/এমবি