পাবনায় গণধর্ষণের পর থানায় ধর্ষকের সঙ্গে সেই নারীর বিয়ের ঘটনায় সদর থানার ওসি উবাইদুল হককে প্রত্যাহার করা হয়েছে। আর একই ঘটনায় এসআই একরামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সেইসঙ্গে ওই গণধর্ষণের ঘটনায় আরো দুই আসামিকে গ্রেফতার।

পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, পাবনা সদর উপজেলার সাহাপুর যশোদল গ্রামের এক নারীকে গত ২৯ আগস্ট রাতে একই গ্রামের আকবর আলীর ছেলে রাসেল আহমেদ চার সহযোগীকে নিয়ে অপহরণ করে টানা চারদিন ধরে গণধর্ষণ করে।

পরে গৃহবধূ বাদী হয়ে পাবনা সদর থানায় লিখিত অভিযোগ দিলে পুলিশ অভিযুক্ত রাসেলকে আটক করলেও মামলা নথিভুক্ত না করে ধর্ষিতাকে তার সাথে থানা চত্বরে বিয়ে দিয়ে ঘটনা মীমাংসার চেষ্টা চালায়।

এ ঘটনায় মামলা হলে মঙ্গলবার ঘটনাস্থল পরিদর্শন করেন পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। এ সময় ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলে ঘটনাস্থল থেকে ধর্ষণের আলামত জব্দ করে পুলিশ।

ওইদিন দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের পুলিশ সুপার জানান, সদর থানার দাপুনিয়ায় এক গৃহবধূকে গণধর্ষণের পর মামলা না নিয়ে ধর্ষকের সাথে বিয়ের ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হলে পুলিশি তদন্তে তার সত্যতা মেলে। সোমবার রাতে মামলার পর রাসেল নামের এক ধর্ষককে গ্রেফতার করা হয়।

এসএম