আলতাফ হোসেন (৫০) নামে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এ হত্যাকাণ্ড ঘটে। রোববার সকাল সাড়ে ৯টার দিকে তার মৃত্যু হয়।

এ ঘটনায় জড়িত সন্দেহে জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তিকে আটক করেছে তাড়াশ থানা পুলিশ।

আলতাফের বাড়ি উপজেলার মাধাইনগর ইউনিয়নের জাহাঙ্গিরনগর গ্রামে।

পুলিশ জানায়, জাহাঙ্গিরনগর গ্রামের একটি সরকারি পুকুর দখল করাকে কেন্দ্র করে স্থানীয় আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেনের সঙ্গে মাধাইনগর ইউনিয়ন পরিষদের সদস্যের বিরোধ চলছিল। এর জের ধরে রাত ৯টার দিকে আলতাফ হোসেনেকে কুপিয়ে জখম করে প্রতিপক্ষের লোকজন। এ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। উন্নত চিকিৎসার জন্য সেখান থেকে ঢাকা নেয়ার পথে রোববার সকাল সাড়ে ৯টার দিকে তিনি মারা যান।

ঢাকা, ২০ জুলাই (টাইমনিউজবিডি.কম) জেএ