দুর্নীতিকে ঘৃণা করে দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়ানোর সম্মিলিত প্রত্যয় পুনর্ব্যক্ত করার মধ্য দিয়ে শেষ হয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) সদস্যদের বার্ষিক সভা।

গণতন্ত্র, সুশাসন ও মানবাধিকার প্রতিষ্ঠা এবং সমাজ ও রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি প্রতিরোধে দুর্নীতি দমন কমিশনসহ (দুদক) জাতীয় শুদ্ধাচার প্রতিষ্ঠানগুলোর কার্যকর, স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালনের দাবি জানিয়েছেন টিআইবির সদস্যরা।

বৃহস্পতিবার বিকালে টিআইবির ধানমন্ডির কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় সদস্যরা জাতীয় ও স্থানীয় পর্যায়ে দুর্নীতি প্রতিরোধে জনগণকে অধিকতর সম্পৃক্ত করে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলন জোরদারের অঙ্গীকার করেন।

দুর্নীতিমুক্ত ও সুশাসিত বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে সভার ঘোষণাপত্রে ৯ দফা দাবিও উত্থাপন করা হয়।

নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন অ্যাডভোকেট সুলতানা কামাল এবং সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও ট্রাস্টি বোর্ডের সদস্য এম হাফিজউদ্দিন খান উপস্থিত ছিলেন।

সাধারণ পর্ষদে টিআইবির সদস্যদের প্রতিনিধি অধ্যাপক ড. এ কে এম ফজলুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই সভায় ৪৬ জন সদস্য অংশগ্রহণ করেন।

সভায় পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, সব অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর শান্তি নিশ্চিত করতে হবে।

প্রশ্নফাঁস, ভর্তি বাণিজ্য ও নিয়োগ বাণিজ্য বন্ধে সরকারের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়ে এসব অপরাধের সঙ্গে জড়িতদের কঠোর শাস্তি নিশ্চিতের দাবি জানান।

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারা, প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৩২ ধারা এবং বৈদেশিক অনুদান (স্বেচ্ছাসেবামূল কার্যক্রম) রেগুলেশন আইনের ১৪ ধারা বাতিলের দাবিও জানান টিআইবির সদস্যরা।

সভার শেষে ঘোষণাপত্র প্রকাশ করা হয়। এতে সর্বস্তরে কার্যকর, জবাবদিহিমূলক ও স্বচ্ছ প্রতিষ্ঠনে বিকাশের দাবি জানানো হয়।

এ ছাড়া সবার সমান অধিকার নিশ্চিতে আইনের শাসন, জবাবদিহিমূলক ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠা; তৃণমূলে কার্যকর, স্বচ্ছ ও জবাবদিহিমূলক সেবা প্রতিষ্ঠার দাবি জানানো হয়।

একই সঙ্গে তথ্যের অধিকার, অবাধ তথ্য প্রবাহ ও গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতকরণ; জাতীয় উন্নয়নে স্বচ্ছতা, অংশগ্রহণ ও পরিবেশের প্রতি সংবেদনশীল হওয়া; কালো টাকা বৈধ করার সুযোগ বাতিল করাসহ ৯ দফা দাবি উত্থাপন করা হয়।

এএস