বাসচাপায় শিক্ষার্থী নিহতের ঘটনায় সারাদেশে চলমান ছাত্র আন্দোলনের মধ্যেই এবার রাজধানীর মগবাজারে বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে যাওয়ার পর মোটরসাইকেল আরোহীর ওপর দিয়ে চলে গেছে বাস। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই ঘটনায় ক্ষুব্ধ হয়ে জনতা গোল্ডেন লাইন পরিবহনের ওই বাসটিতে ধরিয়ে দেয়। এছাড়া ঘটনাস্থল থেকে ঘাতক বাসচালককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। 

আজ (শুক্রবার) দুপুরে দেড়টার দিকে মগবাজারের ওয়ারলেস এলাকার নূরজাহান টাওয়ারের সামনে এই ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল আরোহীর নাম সাইফুল ইসলাম (৩০)। তিনি মগবাজারের ঢাকা কমিউনিটি মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ব্রাদার হিসেবে কর্মরত ছিলেন। সাইফুলের গ্রামের বাড়ি পিরোজপুরে। ঢাকায় উত্তর গোড়ানে থাকতেন। পরিবারের বড় সন্তান সাইফুলের ২ বোন রয়েছে।

রমনা থানার ওসি কাজী মাইনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল আরোহীকে ধাক্কার ঘটনায় গোল্ডেন লাইনের অভিযুক্ত বাসের চালককে আটক করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, গোল্ডেন লাইন পরিবহনের ওই বাসটি ছিল যাত্রীশূন্য। বেপরোয়া গতিতে চলা বাসটি প্রথমে একটি রিকশাকে ধাক্কা দেয়। এরপর বাসটি সাইফুল ইসলামের মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে যান। তখন তার ওপর দিয়েই বাসটি চলে যায়।

তবে এ ঘটনার পর চালক বাসটি নিয়ে পালাতে গিয়ে আরেকটি সিএনজি অটোরিকশাকে ধাক্কা দেন। তখন ঘটনাস্থলের আশেপাশে থাকা জনতা ধাওয়া করে বাসটি ধরে ফেলে। এক পর্যায়ে তারা বাসটিতে আগুন ধরিয়ে দেয়।  পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়। তবে ততক্ষণে বাসটি সম্পূর্ণভাবে পুড়ে যায়।

এদিকে পুলিশ এসে অভিযুক্ত বাস চালককে আটক করে। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। পুলিশ বাসটি জব্দ করে থানায় নিয়ে গেছে।  বাসচাপায় নিহত সাইফুল ইসলামের লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালেল মর্গে রাখা হয়েছে।  

এমবি