চট্রগ্রামের উখিয়ার পালংখালী এলাকায় ইয়াবা ভাগাভাগিকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। ঘটনায় উভয় গ্রুপের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় জনতা এক ইয়াবা ব্যবসায়ীকে আটক করে পুলিশে দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, গত মঙ্গলবার সন্ধা ৭ টার দিকে উপজেলার পালংখালী ইউনিয়নের ফারিরবিল স্কুলের মাঠে ইয়াবার টাকা ভাগাভাগি ও ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে ইয়াবা গডফাদার নলবনিয়া বোছার ঘোনা নামক এলাকার বার্মাইয়া আব্দু শুক্কুর গ্রুপ ও পালংখালী বাজার এলাকার আফালাতুন প্রকাশ ধইন্যার পুত্র রাসেল উদ্দিন গ্রুপের মধ্যে অস্ত্র-স্বস্ত্র নিয়ে দফায় সংঘর্ষ চলে। উভয় গ্রুপের মধ্যে গুলিবিনিময় হয়েছে।

এসময় কমপক্ষে ৫ রাউন্ড গুলির শব্দ শোনা যায়। পরে স্থানীয় জনতা তাদের ধাওয়া করলে নলবনিয়া বোছার ঘোনা এলাকায় দ্বতীয় দফায় সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পযার্য়ে উভয় পক্ষের মধ্যে আবারও গুলি বিনিময় হয়।

গুলিতে রাসেল গ্রুপের রাসেল (২৫) কে গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় জনতা আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছে। সংঘর্ষ চালাকালিন আহত হয়েছে শুক্কুর গ্রুপের আব্দু শুক্কুর (৩৬), বোছার ঘোনা এলাকার আব্দুর রশিদ প্রকাশ আদ্যু ডাকাত (২৮), একই এলাকার সব্বির আহম্মদের পুত্র শাহ আলম (৩০) ও মোস্তাক আহম্মদের পুত্র মোঃ রোবেল (২৪)। আহতদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পালংখালী ইউনিয় পরিষদের চেয়ারম্যান এম গফুর উদ্দিন চৌধুরী জানান, পালংখালী নলবনিয়া ও ফারিরবিল এলাকায় ইয়াবা কারবারী দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ও গুলাগুলির ঘটনা ঘটেছে। এসময় স্থানীয় জনতা রাসেল নামে এক যুবককে আটক করে পুলিশের কাছে সোপার্দ করেছে।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে। জড়িতদের আটক ও অস্ত্র উদ্ধারের জন্য অভিযান পরিচালনা করা হবে।

মানিক/ইম