ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে নারায়ণগঞ্জে এক স্কুল শিক্ষককে গণপিটুনি দিয়ে পুলিশে সোর্পদ করেছে এলাকাবাসী।

শনিবার দুপুরে সদর উপজেলার গোগনগরে তাজেক প্রধান উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবিন আহমেদ জানান, শনিবার দুপুরে নবম শ্রেণির এক ছাত্রীকে শ্রেণিকক্ষে যৌন হয়রানির অভিযোগে বিদ্যালয়ে সহকারী শিক্ষক ইব্রাহিম খলিলকে স্থানীয়রা মারধর শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিক্ষককে আটক করে নিয়ে যায়।

তবে ইব্রাহিম খলিল তার বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে বলেন, ‘নির্ধারিত সময়ের পর নবম শ্রেণির ওই ছাত্রী এসএসসি পরীক্ষার জন্য নিবন্ধনের চেষ্টা করলে আমি তাকে ফিরিয়ে দিয়েছিলাম। তাই তার পরিবার আমার উপর ক্ষুব্ধ ছিল। এ কারণেই পরিকল্পিতভাবে তারা আমাকে ফাঁসিয়ে দিয়েছে।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মালেক জানান, এ ঘটনায় ওই ছাত্রী বাদী হয়ে মামলা করেছেন।

এমআর