রাজধানীর বনানীর একটি আবাসন প্রতিষ্ঠানের কর্মকর্তা জসিম উদ্দীনকে (৪৫) জিম্মি করে টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।

শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। আহত জমিস উদ্দিনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চনা এলাকার জসিম উদ্দিন বনানীর একটি আবাসন প্রতিষ্ঠানে চাকরি করেন। প্রতিদিনের মতো শনিবারও অফিস শেষে বিকালে বনানী-কাকলীর ২৭ নম্বর রোডে বাসের অপেক্ষায় ছিলেন।

এ সময় কয়েকজন ব্যক্তি তাকে টানা হেঁচড়া করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরে বিভিন্ন এলাকায় ঘুরিয়ে জসিমকে মারধরও করা হয়।

পরিবারের লোকজনের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির এএসআই সেন্টু চন্দ্র দাশ জানান, মাইক্রোবাসে জসিম উদ্দিনকে জিম্মি করে পরিবারের কাছ থেকে রাতে বিভিন্ন দফায় বিকাশের মাধ্যমে এক লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে গভীর রাতে সাভার ইপিজেড এলাকায় ফেলে যায়।

তিনি বলেন, প্রথমে এলাকাবাসী উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ও পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন জসিমের স্বজনরা।

এএইচ