বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল বলেছেন, জঙ্গি-সন্ত্রাস দমনে বঙ্গবন্ধুর আদর্শ সর্বস্তরে বাস্তবায়ন করতে হবে। মানবিক গুণাবলীর বিকাশ ও সামাজিক বিপর্যয় রোধ করতে তরুণ প্রজন্মসহ প্রত্যেকের জীবনে বঙ্গবন্ধুর গুণাবলী অর্জন করা জরুরী।
১৮ আগস্ট বিকালে ঢাকার বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ মিলনায়তনে বাংলাদেশ মানবাধিকার সাংস্কৃতিক সোসাইটি আয়োজিত ‘বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকার রক্ষায়’ আমাদের করণীয় শীর্ষক আলোচনা সভায় উদ্বোধকের বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মানবাধিকার সুনিশ্চিত করতে প্রত্যেককে সততা ও দেশপ্রেমের সাথে কাজ করতে হবে। মানুষের মর্যাদা, সাম্য ও সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বর্তমান সরকারের কার্যক্রমে সকলকে স্ব-স্ব অবস্থানে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করার জন্যে তিনি সকলের প্রতি আহ্বান জানান।
সংগঠনের সভাপতি মোঃ আবুল খায়ের মিয়ার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন শামসুল হক টুকু এম.পি, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা লীগের সভাপতি ডাঃ খন্দকার এমদাদুল হক সেলিম, বাংলাদেশ ওলামা লীগের কেন্দ্রীয় সহ সভাপতি হাজী মোঃ আজিমউদ্দিন, বাংলাদেশ পুলিশের সাবেক ডিআইজি বীরমুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন প্রমুখ। আলোচনা শেষে স্ব-স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় কয়েকজনকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
এসএ/টাইম





