পাবনার আটঘরিয়ায় সাদেক আলী মৃধা (৫৯) নামে এক কৃষককে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতের কোনো এক সময় তাকে হত্যা করা হয়।
শনিবার সকাল ৯টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। নিহত সাদেক আলী উপজেলার একদন্ত ইউনিয়নের হিদাসকোল গ্রামের তায়জুল মৃধার ছেলে।
পরিবারের বরাত দিয়ে আটঘরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ারুল ইসলাম জানান, শুক্রবার রাতে নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন কৃষক সাদেক মৃধা। শনিবার সকালে হিদাসকোল গ্রামের একটি মাঠের মধ্যে তার লাশ পড়ে থাকতে দেখেন স্বজন ও এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি জানান, রাতের কোনো এক সময় বাড়ি থেকে সাদেক আলীকে তুলে নিয়ে দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধে হত্যা করে মাঠের মধ্যে ফেলে রেখে গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে কারা, কী কারণে তাকে হত্যা করেছে তা নিশ্চিত হওয়া যায়নি। তদন্ত চলছে।
এমএনজে





