ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোস্টে আবারো তল্লাশি করে ৭টি সোনার বার সহ দুই জনকে আটক করে বেনাপোল কাস্টমস কর্মকর্তারা।

আটককৃতরা হলেন ঢাকার দনিয়া উপজেলার ১৭৫ জোড়া খাম্বা রোড এলাকা থেকে আব্দুল মান্নানের ছেলে মিজানুর রহমান (৪০) ও কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার চান্দিয়ারা গ্রামের হাজী আব্দুল মান্নানের ছেলে মাহবুব আলম (৩৬)। তাদের পাসপোর্ট নম্বর বিএম ০৯০০২৬৯ এবং বিএম ০৩৩০৩৫৪।

শুক্রবার (০৬অক্টোবর ) সকাল ১০টার সময় বেনাপোল চেকপোস্টের তল্লাশি কেন্দ্র থেকে তাদেরকে আটক করা হয়।

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন জানান,গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ২ জন সোনা পাচারকারী সোনার একটি বড় চালান নিয়ে বেনাপোল দিয়ে ভারতে যাবে।

এই তথ্যের ভিত্তিতে সহকারী রাজস্ব কর্মকর্তা কবির হোসেন সঙ্গী সদস্যদের নিয়ে আগে থেকে বেনাপোল চেকপোস্ট কাস্টমসে গোপন অবস্থান নেয়।

এরপর ওই সোনা পাচারকারীরা কাস্টমস ও ইমিগ্রেশনের কাজ শেষ করে ভারতে যাওয়ার আগ মুহূর্তে টি টি চেকিংয়ের সময় মিজানুর ও মাহবুব আলমকে আটক করে তাদের দেহ তল্লাশি করে ২ জনের কাছ থেকে ৭টি সোনার বার পাওয়া যায়া।

বেনাপোল কাস্টমসের শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাদেক হোসেন ৭ টি সোনার বারসহ মিজানুর ও মাহবুব আলম নামে ২ জন সোনা পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, সোনাসহ আটকদের বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

নাছির/জেড