logo
Search

জাতীয়

ব্রিকস সম্মেলনে ভারতে যাচ্ছেন না প্রধানমন্ত্রী: হুমায়ুন কবির

আগামী সপ্তাহে ভারতে অনুষ্ঠেয় ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান অংশ নিচ্ছেন না বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

হুমায়ুন কবির বলেন, প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানানো হলেও তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে নয়, বিমসটেকের চেয়ারম্যান হিসেবে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণ জানানোর এই প্রক্রিয়ায় ঢাকা সন্তুষ্ট নয়।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিমসটেকের চেয়ারম্যান হিসেবে ব্রিকসে আমন্ত্রণ জানানো হয়েছে। তাকে প্রধানমন্ত্রী হিসেবে আমন্ত্রণ জানানো হয়নি।’

ভারত সফর প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, বহুপক্ষীয় ফোরামে অংশগ্রহণের চেয়ে দ্বিপাক্ষিক সফর ও আলোচনাকে বেশি গুরুত্ব দিচ্ছে বাংলাদেশ। পরিবেশ অনুকূল হলে এবং পারস্পরিক শ্রদ্ধা বজায় থাকলে প্রধানমন্ত্রী ভারত সফর করতে পারেন। এ বিষয়ে তাড়াহুড়োর কিছু নেই বলেও জানান তিনি।

গঙ্গা পানি চুক্তি নবায়ন প্রসঙ্গে হুমায়ুন কবির বলেন, জাতীয় স্বার্থ যেখানে জড়িত, সেখানে সরকার গুরুত্ব ও দক্ষতার সঙ্গে কাজ করবে। কোনো সংবাদমাধ্যম কী বলছে, সেটি বিবেচনার বিষয় নয়; দেশের স্বার্থই সরকারের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ।

বাণিজ্য ইস্যুতে তিনি জানান, দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনা চলছে। তবে এ মুহূর্তে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত বা নতুন আপডেট দেওয়ার মতো কিছু নেই।

রোহিঙ্গা সংকটের সমাধান প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের জটিল বিষয়ে হুট করে নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া সম্ভব নয়। ধৈর্য ধরার পাশাপাশি কূটনৈতিক তৎপরতা আরও জোরদার করতে হবে। দ্রুত একটি বাস্তবসম্মত ও গ্রহণযোগ্য সমাধানে পৌঁছানোর বিষয়ে সরকার আশাবাদী।

এস