নোয়াখালীর সূবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নে গণপিটুনিতে মো. বাবুল নামের এক যুবক নিহত হয়েছে। এ ঘটনায় এক মোটরসাইকেল চালক আহত হয়েছেন।
ইউপির দাসের দোকান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মো. বাবুল মাঝি (২৯) উপজেলার চরজুবলী ইউনিয়নের পশ্চিম চরজুবলী গ্রামের আবুল মাঝির ছেলে।
আহত মোটরসাইকেল চালক মো. নুরুজ্জামান (২৫) হাতিয়া উপজেলার চরনৌঙ্গলিয়া এলাকার রানী গ্রামের মৃত মাকসুদের রহমানের ছেলে।
আহত ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাতে হাতিয়ার ভূমিহীন বাজার থেকে নুরুজ্জামানের ভাড়া মোটরসাইকেলে বাবুলসহ দুই জন যাত্রী সূবর্ণচর আসবে বলে মোটরসাইকেলে উঠে। পথে সূবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের দাসের দোকান এলাকায় পৌঁছলে চালক নুরুজ্জামানকে পিছন থেকে চুরিকাঘাত করে গতিরোধ করে। এ সময় ওই স্থান থেকে ছিনতাই চক্রের আরো ৫জন তাদের সাথে একত্রিত হয়ে চালককে কুপিয়ে পেলে মোটরসাইকেল নিয়ে যাওয়ার সময় চালকের আত্মচিৎকারে স্থানীয় লোকজন ছুঁটে এসে ছিনতাইকারীদের গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলে বাবুল নিহত হয়। এ সময় অন্য ৬জন পালিয়ে যায়। গরুতর আহত অবস্থায় চালক নুরুজ্জামানকে উদ্ধার করে সূবর্ণচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
সূবর্ণচর থানার অফিসার ইন চার্জ (ওসি) নিজাম উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পেয়ে নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরবর্তীতে ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
কেএইচ





