পরিচ্ছন্ন ঢাকা গড়ার লক্ষ্যে ‘ঢাকা ক্লিন’ এর হয়ে কাজ করছেন একদল স্বপ্নবাজ মানুষ। এই স্বপ্নবাজদের পাশাপাশি সকলেই যদি নিজ নিজ জায়গা থেকে পাড়া-মহল্লা পরিস্কার-পরিচ্ছন্ন রাখেন তাহলে নতুন প্রজন্মের হাতে জীবানুমুক্ত ও পরিচ্ছন্ন একটি বাংলাদেশ উপহার দেয়া সম্ভব। একইসঙ্গে বিশ্বর মানচিত্রে পরিচ্ছন্ন দেশ হিসেবে বাংলাদেশকেও পরিচিত করা সম্ভব।

শুক্রবার বিকেলে রাজধানীর কারওয়ান বাজারের সার্ক ফোয়ারায় আয়োজিত রোড শোতে বক্তারা এসব কথা বলেন।

যত্রতত্র ময়লা না ফেলার আহ্বান জানিয়ে বক্তারা বলেন, প্রায় ১৬ কোটি মানুষের দেশে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের আবর্জনা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ ডাস্টবিন ব্যবহার করছেন না। তাই তাদের সচেতন করে তুলতেই এ কর্মসূচি পালন করা হয়েছে।

ঢাকা ক্লিন এর প্রধান সমন্বয়ক ফরিদ উদ্দিন মিলন বলেন, সাধারণ মানুষের সম্পৃক্তায় একটি পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার অঙ্গিকার নিয়ে সমগ্র বাংলাদেশের ৪টি বিভাগে ঢাকা ক্লিনের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সময়ের সাহসী এই স্বেচ্ছাসেবকরাই অবিরত কাজ করে যাচ্ছেন পরিচ্ছন্ন দেশ গড়তে। তারাই আমাদের মূল চালিকা শক্তি।

রোড শো’তে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক চিত্রশিল্পী মনিরুজ্জামান, ব্যারিস্টার নাসের আলম। এছাড়া অনুষ্ঠানে পরিচ্ছন্ন বাংলাদেশের দূত হিসেবে ‘পরি’ ও ‘সপ্ন’ নামের দুটি মাপেট চরিত্র উন্মুক্ত করা হয়।

সাধারণ মানুষকে সচেতন করতে ‘পরিচ্ছন্ন শুরু হোক আমার থেকে’ স্লোগানে এ রোড শো’র আয়োজন করে ঢাকা ক্লিন নামের এ স্বেচ্ছাসেবী সংগঠন। রাজধানীর সার্ক ফোয়ারা থেকে শাহবাগ পর্যন্ত প্রায় দুই হাজার স্বেচ্ছাসেবী এ রোড শো’তে অংশগ্রহণ করেন। একইসঙ্গে তারা ৫ মিনিট নিজ নিজ স্থানে ঝাড়ু দিয়ে প্রতিকী পরিস্কার-পরিচ্ছন্নতা কাজ শুরু করেন।