রাজিবপুরে জমি নিয়ে বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে উভয় গ্রুপের অন্তত ১০ জন আহত হয়েছেন। তাদের মধ্যে গুরুতর আহত ৪ জনকে রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শুক্রবার সকালে এ ঘটনা ঘটে।

এলাকাবাসী জানায়, উপজেলার মেম্বার পাড়া গ্রামের বাহাদুর ও তার ভগ্নিপতি সয়েন উদ্দিনের মধ্যে জমিজমা সংক্রান্ত বিরোধ চলছিল। শুক্রবার সকালে সয়েন উদ্দিন লোকজন নিয়ে বাহাদুরের বাড়িতে সুপারি গাছ থেকে সুপারি পাড়তে আসেন। এ সময় বাহাদুর বাধা দিলে সয়েন উদ্দিন ও তার লোকজন লাঠি সোঠা দিয়ে প্রথমে বাহাদুরকে (৬০) মারপিট করে। তার ছোট ভাই আব্দুস সামাদ (৫২) এগিয়ে গেলে তাকেও মারপিট করে জখম করে। এ সময় দু’পক্ষের সংঘর্ষে আরও ৮ জন আহত হয়।

স্থানীয়রা বাহাদুর ও তার স্ত্রী রাশেদা (৫০) ও তার ছেলে এনামুলসহ (২০) ৪ জনকে রাজিবপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে বাহাদুর ও সামাদের অবস্থা  আশঙ্কাজনক। এ ঘটনায় দুই গ্রুপই মামলার করার প্রস্তুতি নিচ্ছে বলে জানা গেছে।

এ ব্যাপারে রাজিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাফিউল ইসলাম জানান, এখন পর্যন্ত থানায় অভিযোগ করতে কোনো পক্ষই আসেনি।

জেআই