মোহাম্মদ আলী ওরফে পাখিকে (৩১) সাগরপথে অবৈধভাবে মালেয়শিয়ায় মানবপাচারের অভিযোগে গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি এ চক্রের গডফাদার বলে জানা যায়।

সোমবার রাত ১১টার দিকে কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁও বাস স্টেশন থেকে তাকে গ্রেফতার করা হয়।

মোহাম্মদ আলী ওরফে পাখি সদর উপজেলার ঝিলঙজা ইউনিয়নের লিংক রোডের বিসিক শিল্প নগরীর দক্ষিণ মুহুরী পাড়া গ্রামের খায়ের আহমেদ সিকদারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার থেকে চট্টগ্রামে পালিয়ে যাওয়ার সময় ঈগল পরিবহনের একটি বাস থেকে পাখিকে গ্রেফতার করা হয় বলে ডিবি সূত্র জানায়।

গত ২৯ জানুয়ারি কুতুবদিয়া চ্যানেলে অবৈধভাবে মালেয়শিয়াগামী ট্রলার ডুবির ঘটনা ঘটেছিল। ওই দুর্ঘটনায় ৪৩ জনকে জীবিত ও ৯ জনের মৃতদেহ উদ্ধার করা হয়।

ওই ঘটনায় কুতুবদিয়া থানায় পাচার আইনে একটি মামলা দায়ের করা হয়। এ মামলায় গ্রেফতার তিন আসামি পাখিকে পাচারকারী হিসেবে চিহ্নিত করে আদালতে কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়।

ওই মামলাটি ছাড়াও পাখির বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় মানবপাচার আইনে আরও তিনটি মামলা রয়েছে।

কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ডিবি-ওসি) জানান, পাখির বিরুদ্ধে মানবপাচারের অর্ধশতাধিক অভিযোগ রয়েছে। তবে মামলা রয়েছে তিনটি। এছাড়া, পাখিকে পাচারকারীর চক্রের গডফাদার জানিয়ে আদালতে জবানবন্দি দিয়েছেন তার সহযোগীরা।

তিনি জানান, পাখিকে কুতুবদিয়ার ট্রলার ডুবির ঘটনার ৯টি হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখানো হবে।

এমকে