নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার ছয়ানি ইউনিয়ন থেকে অপহৃত সিএনজি অটোরিক শাচালক রবিউল হাসানকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১ টার দিকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইনুল হক।

তিনি জানান, অটোরিকশা চালক রবিউল অপহরণের পর তার বাবা থানায় একটি অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে উপজেলার ছয়ানি ইউনিয়নসহ বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে পুলিশ।

এ সময় পুলিশের অভিযানের বিষয়টি বুঝতে পেরে গভীর রাতে অপহরণকারীরা একটি মোটরসাইকেলে অপহৃত সিএনজি চালক রবিউলকে জুগিরখিল এলাকায় ছেড়ে দিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে। বর্তমানে রবিউল পুলিশ হেফাজতে থানায় রয়েছে। ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার বিকালে সিএনজি চালক রবিউলকে মুক্তিপণের দাবিতে ছয়ানি থেকে তার চাচাতো ভাই বেলালসহ কয়েকজন অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়।

ঘটনায় বুধবার রাতে অপহৃতের বাবা থানায় অভিযোগ করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ অপহরণকারী বেলালের ভাই দোলেয়ারকে আটক করে।

এমকে