পূর্ব শত্রুতার জের ধরে মাদারীপুরের শিবচরের দত্তপাড়ার বাচামারায় দুজনকে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

জানা যায়, বৃহস্পতিবার রাতে জেলার শিবচর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের বাচামারা বাজারের একটি দোকানে বসে চা খাচ্ছিল মিলন হাওলাদার (২৮)। এ সময় দিদার শিকদার ও শিশু শেখসহ ৮/১০ জনের একটি দল কথা আছে বলে মিলনকে পাশের একটি খেতে ডেকে নিয়ে যায়।

ডেকে নিয়ে সন্ত্রাসীরা মিলনকে উপুর্যপরি কুপিয়ে রেখে ফেলে যায়। ঘটনাটি দেখতে পেয়ে নিকটত্মীয় আব্বাস সরদার (৩৫) এগিয়ে গেলে সন্ত্রাসীরা তার পায়ের রগ কেটে পালিয়ে যায়। পরে পরিবারের সদস্যরা ও স্থানীয়রা মিলনকে উদ্ধার করে শিবচর হাসপাতালে আনলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। আব্বাসকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।

মিলন ওই এলাকার মৃত আদেল হাওলাদারের ছেলে। আব্বাস মৃত মজিদ সরদারের ছেলে। প্রায় তিন বছর আগে মিলন ও তার লোকজন হামলাকারীদের মারপিট করার জের ধরে এ হত্যাকা- ঘটেছে বলে নিহতের পরিবারের সদস্যরা দাবি করেছে।

শিবচর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল সাত্তার বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ডাবল মার্ডারের ঘটনা ঘটেছে। মামলা হয়েছে। আসামিদের গ্রেফতারের অভিযান চলছে।  

ইআর