শুধু ঈদের সময়ই নয়, অন্য সময়েও ফিটনেসবিহীন কোনো লঞ্চ চলতে দেয়া হবে না বলে জানিয়েছেন নৌমন্ত্রী শাজাহান খান। সচিবালয়ে মঙ্গলবার মন্ত্রণালয়ের অধীন সংস্থাগুলোর সঙ্গে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নে মন্ত্রী এ তথ্য জানান।

ঈদের আগে রং করে ফিটনেসবিহীন লঞ্চ নামানোর বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে কিনা জানতে চাইলে শাজাহান খান বলেন, ‘আপনি শরীরে যদি সাবান-টাবান না দেন বা ভাল করে গোসল না করেন তবে ময়লা জমবে। এছাড়া ঈদ বা কোনো না কোনো সময় তো বাড়ি রঙ করান। একটু ভাঙচুর হলে মেরামত করান। গাড়ী বা লঞ্চেও রং করানো, ইঞ্জিনের কাজ করানো, নিয়মের মধ্যেই এটা করতে হয়।

শাজাহান বলেন, ‘নিশ্চিত থাকতে পারেন আমরা ফিটনেস ছাড়া কোনো লঞ্চ চলতে দেব না, এটা আমাদের পরিষ্কার সিদ্ধান্ত।’

তিনি বলেন, ‘আগে নৌপরিবহন সেক্টরে কোনো শৃঙ্খলা ছিল না। এর আগে কেন এত নৌ দুর্ঘটনা হয়েছে? কারণ যেসব নৌযান নির্মাণ করা হয়েছে সেগুলো তাদের মতো করে নির্মাণ করেছে। তারপর ডিজি শিপিং অনুমোদন দিয়েছে।’

এআই