সিলেটে ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় লেখক অভিজিৎ রায় হত্যা মামলার আসামি জাফরান হাসানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক আরমান আলী বৃহস্পতিবার সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট-২ এর বিচারক আনোয়ারুল হকের আদালতে হাজির করে ১৫ দিনের রিমান্ড আবেদন করেন।
আদালত শুনানি শেষে সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। ৩ ডিসেম্বর মামলার পরবর্তী শুনানির দিন ধার্য করেন আদালত।
সিলেট আদালতের সিনিয়র সহকারী কমিশনার (প্রসিকিউশন) আবদুল আহাদ চৌধুরী বলেন, ‘ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় জাফরান হাসানের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এর আগে, মামলার তদন্ত কর্মকর্তা তাকে ১৫ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন।
জাফরান হাসান ঢাকায় খুন হওয়া লেখক অভিজিৎ রায় হত্যা মামলার আসামি। অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় এ পর্যন্ত ১৩ জনকে গ্রেফতার দেখানো হয়েছে।
প্রসঙ্গত, ১২ মে সিলেট নগরীর সুবিদবাজার নূরানী দীঘিরপাড় নিজ বাসার সামনে কুপিয়ে হত্যা করা হয় ব্লগার অনন্ত বিজয় দাশকে। এ হত্যা মামলায় সিলেটের ফটোসাংবাদিক ইদ্রিস আলী, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র মান্নান রাহী ও তার ভাই মোহাইমিন নোমান এবং আবুল খায়েরকে গ্রেফতার করে সিআইডি। তাদের মধ্যে মান্নান রাহী ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেন। ইদ্রিস আলী জামিনে আছেন।
এমকে





