পাবনা আঞ্চলিক পাসপোর্ট অফিসে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে সাত দালালকে আটক করেছে পুলিশ।

পরে সাত দালালকে দুই মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।

পাবনা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার মোমিনুল করিম জানান, জেলার বিভিন্ন এলাকা থেকে পাসপোর্ট করতে যাওয়া লোকজনকে বিভিন্নভাবে হয়রানি করে ও কাগজপত্র ছিনিয়ে নিয়ে জিম্মি করে টাকা আদায় করে আসছিল একটি সংঘবদ্ধ দালালচক্র। অভিযোগের ভিত্তিতে দুপুরে পাসপোর্ট অফিসে অভিযান চালিয়ে সাত দালালকে আটক করা হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট পিংকী সাহা এবং উম্মে সালমার নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাদের প্রত্যেককে দুই মাস করে সশ্রম কারাদণ্ডের আদেশ দেন। পরে সাত দালালকে জেলহাজতে পাঠানো হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- পাবনা পৌর সদরের কৃষ্ণপুর এলাকার আতিয়ার হোসেনের ছেলে মনোয়ার হোসেন, চক ছাতিয়ানি মহল্লার মোক্তার হোসেনের ছেলে রিপন হোসেন, একই মহল্লার ইব্রাহীম শেখের ছেলে উজ্জল শেখ, আব্দুস সালামের ছেলে সাইফুল ইসলাম, উবায়দুল হকের ছেলে ওহিদুল ইসলাম, চাঁদমারী মহল্লার আকরাম হোসেনের ছেলে তপু হোসেন ও কলাবাগান মাঠপাড়ার আব্দুস সালামের ছেলে মিলন শেখ।

কেএইচ