এসএ রেকর্ড অনুযায়ী কপোতাক্ষ নদ খননের দাবিতে যশোরে কয়েকটি এলাকার বাসিন্দারা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার দুপুরে শহরের ওয়াপদা গ্যারেজ এলাকায় পানি উন্নয়ন বোর্ড কার্যালয়ের সামনে এ মানববন্ধন করেন খুলনার পাইকগাছা উপজেলার দেয়াড়া, রহিমপুর ও হরিদাসকাটি মৌজাভুক্ত বাসিন্দারা।

মানববন্ধনকারীরা জানান, সরকার কপোতাক্ষ নদ খননের জন্য ২২২ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। এরইমধ্যে তালা উপজেলা অংশের খনন কাজ শুরু হয়েছে। আগামী এক মাসের মধ্যে পাইকগাছা অংশের খনন কাজও শুরু হবে। কিন্তু অব্যাহত নদী ভাঙনের ফলে পাইকগাছা উপজেলার দেয়াড়া, রহিমপুর ও হরিদাসকাটি মৌজার অধিকাংশ এলাকা বিলীন হওয়ার পথে।

এ অবস্থায় এসএ রেকর্ড অনুযায়ী নদী খনন না করা হলে ওই তিন মৌজার সহস্রাধিক বিঘা জমি নিশ্চিহ্ন হয়ে যাবে। এতে ঘরবাড়ি ছাড়া হতে হবে কয়েক’শ পরিবারকে। এই অবস্থায় এসএ রেকর্ড অনুযায়ী নদ খননের দাবি তাদের।

জেআই