বিদ্যুৎ গ্যাসের মূল্যবৃদ্ধি হওয়াতে বাড়ীর মালিকরা ভাড়াটিয়াদের কাছ থেকে কয়েকগুন বেশি টাকা আদায় করবে উল্লেখ করে ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহারানে সুলতান বাহার।
তিনি বলেন, বাড়ী ভাড়া নিয়ন্ত্রণ আইন ১৯৯১ তে বলা আছে, বাড়ী ভাড়া বৃদ্ধি করলে রেন্ট কন্ট্রোল এর অনুমতি নিতে হবে। যখন তখন কোন ভাড়াটিয়াকে উচ্ছেদ করা যাবে না।
বুধবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি।
বাহারানে সুলতান বলেন, একদিকে লাগামহীনভাবে বেড়ে যাচ্ছে বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যপণ্যের মূল্য অন্যদিকে দেশের বিভিন্ন জেলা বন্যায় প্লাবিত হচ্ছে আর এই প্রাকৃতিক দুর্যোগে দেশের বিভিন্ন জেলায় সাধারণ মানুষ যখন দিশেহারা, ঠিক তখনই সরকার আবার বাড়ালো বিদ্যুৎ গ্যাসের মূল্য।
সরকারের অযৌক্তিক বিদ্যুৎ গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে আগামী ০৬ সেপ্টেম্বর সকাল ১১ টায় কালোপতাকা হাতে জ্বালানী মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেছে ভাড়াটিয়া পরিষদ।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সাধারন সম্পাদক জান্নাত ফাতেমা, কেন্দ্রীয় নেতা মোস্তফা আহমেদ,কামাল সিদ্দিকী প্রমূখ।
এমএ/এসএইচ





