পিরোজপুরে সাইফুল ইসলাম (২৩) নামের এক যুবককে কুপিয়ে বাম পায়ের গোড়ালি কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার রাত সোয় ৯টার দিকে পিরোজপুর সদর উপজেলার ভৈরমপুর বাজারে এ ঘটনা ঘটে।

সাইফুল ইসলাম সদর উপজেলার কদমতলা ইউনিয়নের জুজখোলা গ্রামের নিজাম উদ্দিনের ছেলে। তিনি ভৈরমপুর বাজারের ব্যবসায়ী।

আহত সাইফুলের বড় ভাই মো. আদিফ জানান, রাত সোয়া ৯টার দিকে সাইফুল ভৈরমপুর বাজারে তার কম্পিউটার ও মোবাইল রিচার্জের দোকানে বসেছিলেন। এ সময় কয়েকজন যুবক এসে ধারালো অস্ত্র দিয়ে সাইফুলকে এলোপাথাড়ি কুপিয়ে ফেলে রেখে যায়।

গুরুতর জখম অবস্থায় স্থানীয়রা সাইফুলকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে রাত ১০টার দিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

আদিফের অভিযোগ, স্থানীয় মাদকসেবী বখাটেদের খারাপ কাজে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা তার ভাইকে কুপিয়ে জখম করেছে।

পিরোজপুর সদর হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. অনিক দেউরী বলেন, সাইফুলের শরীরে ৮-১০টি জখম রয়েছে। তার বাম পায়ের গোড়ালির বেশিরভাগ অংশ কেটে গেছে।

পিরোজপুর সদর থানার অফিসার ইন চার্জ (ওসি) মো. এনায়েত হোসেন বলেন, লিখিত অভিযোগ পাওয়ার পর মামলা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেফতারে চেষ্টা করছে পুলিশ।

কেএইচ