পূর্ণিমার জোয়ারের প্রভাবে অস্বাভাবিকভাবে পানি বৃদ্ধি পেয়ে ভোলা চরফ্যাশনের নিম্নাঞ্চলীয় এলাকা প্লাবিত হয়েছে।

জোয়ারের পানিতে ভেসে গেছে পুকুরের কয়েক লাখ টাকার মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে বীজ তলা। ভেঙ্গে গেছে উপকূলীয় এলাকার রাস্তাঘাট।

ঢালচরের মৎস্য ব্যবসায়ী শাহে আলম বেপারী জানায়, পূর্ণিমার জোয়ারের প্রভাবে শনিবার সকাল ৯টা থেকে অস্বাভাবিকভাবে পানি বেড়ে গিয়ে পুকুর, ডোবা, নালা ও মাছের ঘের প্লাবিত হয়েছে।

রোববার সকাল ৯টা থেকে বাতাসের সঙ্গে জোয়ারের পানি বেড়ে চরফ্যাশনের উপকূলবর্তী নিম্নাঞ্চলীয় এলাকা প্লাবিত হয়েছে। এ দুই দিনে পুকুর ও মাছের ঘেরের লক্ষ লক্ষ টাকার মাছ ভেসে গেছে। প্রায় তিন শতাধিক একর বীজ তলা ডুবে গিয়ে বীজতলা নষ্ট হয়ে গেছে।

এছাড়া জোয়ারের পানির প্রভাবে চরফ্যাশনের ঢালচরের পূর্ব পার্শ্বের মজিব কিল্লা থেকে শুরু করে ফরেস্ট বাগান পর্যন্ত কাঁচা রাস্তা, মেঘনার পূর্ব নদী থেকে কোস্ট অফিস পর্যন্ত কাঁচা রাস্তা, ঢালচর মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন কাঁচা রাস্তা ভেঙ্গে গেছে।

চর পাতিলা, মেঘভাষান, চরনিউটন, সামরাজ, বাসিরদোন, কলমি এলকার বখশি, চরলিউলিন, চরমনোহর, চরমোতাহার এলাকায় ও একইভাবে কাঁচা রাস্তাগুলো ভেঙ্গে গেছে। বীজ তলা নষ্ট হয়ে গেছে। এসব এলাকার পুকুর ও ঘেরের মাছ ভেসে যাওয়ায় পুকুর ও ঘের মালিকের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে।

এ ব্যাপারে ঢালচর ইউনিয়ন চেয়ারম্যান আবুল কালাম পাটোয়ারী জানান, পূর্ণিমার জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে শনিবার ও রোববার ঢালচরসহ উপকূলবর্তী নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হওয়ায় রাস্তাঘাট ভেঙ্গে গেছে। পুকুর ও ঘেরের মাছ ভেসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ঢালচর ইউনিয়নের প্রায় অর্ধশত একর বীজতলা নষ্ট হয়ে গেছে।

ঢাকা, ১৩ জুলাই (টাইমনিউজবিডি.কম)//এসএইচ