গোপালগঞ্জে প্রাইভেটকার দুর্ঘটনায় সিঙ্গাপুর প্রবাসীসহ তার পরিবারের ৩ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।
আজ (৩০ জুলাই) বৃহস্পতিবার ভোরে বিমানবন্দর থেকে বাড়ি ফেরার পথে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া ফ্লাইওভারে এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সিঙ্গাপুর প্রবাসী খুলনা জেলার দীঘলিয়া উপজেলার মোল্লাডাঙ্গা গ্রামের ইমদাদুল (২৫), তার বাবা মো: জিয়ারুল (৫৫) ও দুলাভাই সাজ্জাদ মোল্লা (৩৫)। সাজ্জাদের বাড়ি নড়াইল জেলার সিলনপুর গ্রামে।
ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো: আতাউর রহমান জানান, বুধবার রাতে ইমদাদুল একটি ফ্লাইটে সিঙ্গাপুর থেকে ঢাকা বিমানবন্দরে এসে নামেন। তিনি পরিবারের সদস্যদের নিয়ে বিমানবন্দর থেকে একটি প্রাইভেটকারে করে খুলনার দীঘলিয়া উপজেলার মোল্লাপাড়া গ্রামের উদ্দেশে রওনা দেন। তাদের প্রাইভেটকারটি ভোর ৪টার দিকে ভাটিয়াপাড়া ফ্লাইওভারে ওঠার সময় ডিভাউডারের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান। আহত হয়েছেন দুইজন।
ওসি আতাউর জানান, নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে। আহত শামীম সরদার (২৪) ও আল আমীনকে (২২) হাসপাতালে ভর্তি করা হয়েছে। ধারণা করা হচ্ছে, প্রাইভেটকার চালানোর সময় চালক ঘুমাচ্ছিলেন। এ কারণে এ ধরনের দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনাকবলিত প্রাইভেটকারের সামনের ও পাশের অংশ ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
এমবি





