আগামী আমন মৌসুমে সরকার কৃষক ও মিলারদের কাছ থেকে ১০ লাখ টন ধান ও চাল সংগ্রহ করবে। এর মধ্যে সরাসরি কৃষকদের কাছ থেকে ২৬ টাকা কেজি দরে ৬ লাখ টন ধান কিনবে। মিলারদের কাছ থেকে ৩৬ টাকা কেজি দরে সাড়ে তিন লাখ টন সেদ্ধ চাল ও ৩৫ টাকা কেজি দরে ৫০ হাজার টন আতপ চাল সংগ্রহ করবে।
আজ বৃহস্পতিবার সরকারের খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটির সভায় ধান ও চাল কেনার এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক সাংবাদিকদের এ কথা জানান।
কৃষিমন্ত্রী বলেন, ‘আমরা এবারই সরাসরি প্রান্তিক কৃষকদের কাছ থেকে ধান কিনব। ৬ লাখ মেট্রিক টন ধান কেনা হবে। আমন মৌসুমে যেসব কৃষকের কাছ থেকে ধান কেনা হবে বোরো মৌসুমে তাদের কাছ থেকে আর কেনা হবে না। অপরদের কাছ থেকে কেনা হবে। এভাবেই আমরা আমন ও বোরো মৌসুম ভাগ করে কৃষকদের কাছ থেকে ধান কিনব।’
কৃষিমন্ত্রী আরো বলেন, ‘আমন মৌসুম উপলক্ষে আগামী ২০ নভেম্বর থেকে ধান কেনা শুরু হবে। আর চাল কেনা শুরু হবে ১ ডিসেম্বর থেকে। ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত আমরা ধান ও চাল সংগ্রহ করব।’
খাদ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত এ বৈঠকে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারসহ বিভিন্ন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
কৃষিমন্ত্রী আরো বলেন, ‘আগামী ১০ নভেম্বরের মধ্যে কৃষকদের তালিকা ইউনিয়ন পরিষদে জমা দিতে হবে, তারপর যাচাই করে তা চূড়ান্ত করা হবে। যদি কৃষকের সংখ্যা বেড়ে যায় তখন লটারির মাধ্যমে কৃষকদের তালিকা তৈরি করা হবে। আমন মৌসুমের এ লটারিতে যেসব কৃষক বাদ পড়বেন আগামী বোরো মৌসুমে তারা সুযোগ পাবেন।’
এমআর





