বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুকে অবিলম্বে গ্রেফতারের দাবি জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের আলাদা দু’টি অংশ।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাতে শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ থেকে এ দাবি জানানো হয়। সমাবেশ থেকে শামসুজ্জামান দুদুকে পাকিস্তানের দালাল হিসেবে আখ্যায়িত করেন ছাত্রলীগের দু’টি অংশের নেতৃবৃন্দ।
একই সঙ্গে চুয়াডাঙ্গা জেলায় তাকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। পরে শামসুজ্জামান দুদুর কুশপুতুল দাহ করেন ছাত্রলীগের নেতাকর্মীরা।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাত সাড়ে ৮টার দিকে ছাত্রলীগের একটি অংশ শহরের কবরী রোডের আওয়ামী লীগ কার্যালয় থেকে একটি মিছিল বের করে। মিছিলে নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগ সভাপতি মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক।
মিছিলটি শহরের শহীদ হাসান চত্বরে সংক্ষিপ্ত সমাবেশ করে। মিছিলকারীরা সেখানে দুদুর কুশপুত্তলিকা দাহ করেন। একইসঙ্গে দুদুকে চুয়াডাঙ্গায় অবাঞ্চিত ঘোষণা করা হয়।
এ সময় বক্তারা বলেন, একটি বেসরকারি টেলিভিশনের টকশোতে শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেন এবং প্রাণনাশের হুমকি দেন।
একই দাবিতে রাত ৯টার দিকে অপর একটি মিছিল শহরে বিক্ষোভ প্রদর্শন করে। এর নেতৃত্ব দেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ। দুটি মিছিল থেকেই শামসুজ্জামান দুদুকে গ্রেফতারের দাবি করা হয়।
শামসুজ্জামান দুদুর ছোট ভাই জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট ওয়াহেদুজ্জামান বুলা জানান, হামলার সময় বাড়ির আসবাবপত্র ভাঙচুর ও তছনছ করা হয়েছে।
প্রসঙ্গত, গত সোমবার রাতে বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের রাজকাহন টকশোতে অংশগ্রহণ করে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও বঙ্গবন্ধুর মত পরিণতি ভোগ করতে হবে বলে হুমকি দেন বলে অভিযোগ উঠেছে।
এএস





