চট্টগ্রামে জাহাজ মালিকদের ডাকা ধর্মঘট অব্যাহত রয়েছে। এর আগে দুই দফা বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছিল।
ধর্মঘট নিয়ে শনিবার চট্টগ্রামে এবং রবিবার ঢাকায় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকগুলোতে ধর্মঘটের বিষয়ে কোনো সিদ্ধান্তে পৌঁছতে না পারায় সোমবারও ধর্মঘট অব্যাহত রয়েছে। চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে বিভিন্ন পণ্যবাহী জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ রয়েছে। পণ্য খালাসের অপেক্ষায় বহির্নোঙরে অপেক্ষমাণ রয়েছে ৬৭টি মাদার ভেসেল।

বাংলাদেশ কার্গো ভেসেল অনার্স অ্যাসোসিয়েশনের সিনিয়র সহসভাপতি খোরশেদ আলম বলেন, দুই দফা বৈঠকে কোনো সমাধান হয়নি। আমরা সমস্যার কথা চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান এবং নৌমন্ত্রীকে অবহিত করেছি। ধর্মঘট প্রত্যাহারের বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি।

শ্রমিক ধর্মঘট প্রত্যাহারের পর অতিরিক্ত মজুরি চাপিয়ে দেয়ার কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার জাহাজ না চালানোর ঘোষণা দেয় বাংলাদেশ কার্গো ভেসেল অনার্স অ্যাসোসিয়েশনের নেতারা। এরফলে চট্টগ্রাম বহির্নোঙরে ১১ দিন ধরে পণ্য লাইটারিং বন্ধ রয়েছে।

এআই