পারিবারিক কলহের জের ধরে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বাবার হাতে ছেলে খুন হয়েছেন। নিহতের নাম আমজাদ মিয়া (৩২)।
বুধবার বিকাল ৪টার দিকে নবীনগর উপজেলা সদরের হাসপাতালপাড়ায় এই ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকেই বাবা ফরিদ মিয়া (৬০) পলাতক রয়েছেন।
এলাকাবাসী জানান, গত কয়েকদিন ধরে পারিবারিক বিষয় নিয়ে বাবা ফরিদ মিয়ার সঙ্গে আমজাদ মিয়ার কলহ চলে আসছিল। তবে কি নিয়ে কলহ চলছিল তা জানা যায়নি।
এ নিয়ে বুধবার সকালে ফরিদ মিয়ার সঙ্গে আমজাদ মিয়ার কথা কাটাকাটি হয়। পরে দুপুরে আমজাদ তার নিজ কক্ষে গিয়ে ঘুমিয়ে পড়েন। এ সময় ফরিদ মিয়া আমজাদের কক্ষে গিয়ে তাকে ছুরিকাঘাত করেন।
পরে আশঙ্কাজনক অবস্থায় আমজাদকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর থেকে ঘাতক বাবা ফরিদ মিয়া পলাতক রয়েছেন বলে জানিয়েছেন নবীনগর থানার অফিসার ইন চার্জ (ওসি) রূপক কুমার সাহা।
কেএইচ





