রাজবাড়ীর পাংশা উপজেলায় কৃছ্বীশ সরকার পরশ (৫৫) নামে অবসরপ্রাপ্ত এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার কলিমহর ইউনিয়নের চরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত পরশ পাংশা উপজেলার কলিমহর ইউনিয়নের হোসেনডাঙ্গা গ্রামের প্রেমচাঁদ সরকারের ছেলে।

নিহতের চাচতো ভাই স্বপন কুমার জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে দুর্বৃত্তরা পরশকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এরপর পিটিয়ে আহত করে একই এলাকার চরপাড়া জোয়ার্দার বাড়ির পাশে মাঠের মধ্যে ফেলে রেখে যায়।

গভীর রাতে স্থানীয়রা তাকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে ভোর ৪টার দিকে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।

পাংশা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু শ্যামা ইকবাল হায়াত জানান, লাশ ময়নাতদন্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এছাড়া খুনের সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

এমকে