চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় মাছ ধরাকে কেন্দ্র করে চাচাতো ভাইদের পিটুনিতে নেপাল চন্দ্র দাশ (৫৭) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার পূর্ব গুজরার বৃন্দাবন বিহারীর বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত নেপাল চন্দ্র একই এলাকার স্বচন্দ্র লাল দাশের ছেলে।
নিহতের স্ত্রী সন্ধ্যা রানী দাশ জানান, বৃহস্পতিবার রাতে পারিবারিক পুকুরে বড়শি দিয়ে মাছ ধরেছিলেন তার স্বামী নেপাল চন্দ্র। সকালে এ খবর জানাজানি হলে নেপালের চাচাতো ভাই সুমন, মালু, রনজিত ও বাবলা এসে মাছ ধরার অপরাধে নেপালকে পিটিয়ে আহত করে। মারধরের একপর্যায়ে তার স্বামী অজ্ঞান হয়ে পড়ে যায় এবং তার মুখ দিয়ে ফেনা বের হতে থাকে। আশঙ্কাজনক অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজের হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির নায়েক বাশার জানান, আহত নেপালকে চমেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঢাকা, ১১ জুলাই (টাইমনিউজবিডি.কম) // কেএইচ





