স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, যারা বিদেশিদের হত্যা করে শেখ হাসিনার উন্নয়নকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করেছে, তাদের বাংলার মাটিতেই গ্রেফতার করা হবে।
গাজীপুরের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরের শহীদ ময়েজ উদ্দিন মুক্তমঞ্চে শুক্রবার বিকালে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত শহীদ ময়েজ উদ্দিনের ৩১তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
মোহাম্মদ নাসিম বলেন, ২০১৯ সালে বাংলার মাটিতে শেখ হাসিনার অধীনে নির্বাচন হবে। শেখ হাসিনার সরকারের সময় বিদ্যুৎ সমস্যার সমাধান হয়েছে। নারীর ক্ষমতায়ন হয়েছে। নির্বাচনে আওয়ামী লীগই জয়ী হবে এবং শেখ হাসিনাই সরকার গঠন করবেন।
উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসমাইল হোসেনের সভাপতিত্বে স্মরণসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক এমপি, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ এমপি, মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি ও গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আজমদ উল্লাহ খান।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল গণি ভূইয়া অনুষ্ঠান পরিচালনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অ্যাডভোকেট আ ক ম মোজাম্মেল হক বলেন, ১৯৭১ সালে শহীদ ময়েজউদ্দিন এই বাংলার জন্য মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত করেছেন। আর সেই মাটিতেই তিনি নিজের বুকের তাজা রক্ত ঝরিয়েছেন।
উপজেলার বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা খণ্ড খণ্ড মিছিল সহকারে স্মরণসভায় যোগ দেন। স্মরণসভা পরিণত হয় বিশাল জনসভায়।
কেএইচ





