কারাগার থেকে মুক্তি পাচ্ছেন ৩৬৮ জন কয়েদি বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

মঙ্গলবার (২৮ জুলাই) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা জানান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “যাবজ্জীবন সাজাপ্রাপ্ত যারা রয়েছেন জেল কোড অনুযায়ী সাজার মেয়াদ শেষ হয়েছে, এরমধ্যে আইন পরিবর্তন হয়েছে। সেই বিষয়ে আমি যাবো না।”

“আমাদের প্র্যাকটিসে যেটা ছিল এক বছরে কতদিন জেল খাটলে বছর পূর্ণ হয় সেই হিসাব করে যাদের ৩০ বছর পূর্ণ হয়েছে। ২২ বছরে জেলখানার ৩০ বছর পূর্ণ হয়।”

৩০ বছর সাজা খাটা এক হাজার ৬০০-এর বেশি কয়েদির একটা তালিকা জেল কর্তৃপক্ষ দিয়েছিলেন জানিয়ে আসাদুজ্জামান খান বলেন, “৫-৭ বছরের মধ্যে আমরা ছাড়িনি। এর আগে ছাড়া হয়েছিল। এতদিনে পুঞ্জীভূত হয়েছে।”

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রীর একটি নির্দেশনা রয়েছে- ধর্ষক ও নৃশংস খুনি যাতে না ছাড়া হয়। আমরা সেই নির্দেশনা মাথায় রেখে সেগুলো ফিল্টার করে এখন ৩৬৮-তে নিয়ে আসছি। এটার (এদের মুক্তির) প্রক্রিয়া চলেছে।”

এমবি