বাংলাদেশে ভাস্কর্য বিরোধী উগ্র বক্তব্য সভ্যতা বিধ্বংসী বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান।
সোমবার (১৪ ডিসেম্বর) সকালে মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসে তিনি এ মন্তব্য করেন।
ঢাবি ভিসি বলেন, ‘ভাস্কর্যবিরোধীরা যে বক্তব্য দিচ্ছে তা মানবতাবিরোধী, মানবিক মূল্যবোধের পরিপন্থী। এ ধরনের অপপ্রয়াস বাংলার মাটিতে কখনও সফল হবে না।’
আখতারুজ্জামান আরও বলেন, ‘আমরা যদি বঙ্গবন্ধু আর ৭১-এর আজকের এই দিনে বুদ্ধিজীবীদের না হারাতাম, তবে বাংলাদেশ এখন যে অবস্থায় আছে তার থেকে অনেক এগিয়ে যেত।’
শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির পক্ষ শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান ভিসি। এ সময় তার সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক উপস্থিত ছিলেন।
এএস





