রাজশাহীর বাগমারা উপজেলার দেউলা গ্রামে মা ও ছেলেকে গলা কেটে হত্যা করার ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে সান্টু প্রামাণিক (২২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে নিজ বাসা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বাগমারা থানার অফিসার ইন চার্জ (ওসি) আবু ওবায়দা খান জানান, গত রাতে সন্দেহভাজন কয়েকজনকে গ্রেপ্তার করতে দেউলা গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এ সময় সান্টুকে গ্রেপ্তার করা হয়।
ওসির দাবি, সান্টুর সঙ্গে কয়েক দিন আগে ওই মা ও ছেলের বাগবিতণ্ডা হয়েছিল। এ সময় তাঁদের দেখে নেয়ার হুমকি দেন সান্টু। নিহত ব্যক্তিদের পরিবারের লোকজনের অভিযোগের ভিত্তিতে তাঁকে আটক করা হয়। সান্টুকে থানায় রেখে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
ওসির ভাষ্য, পারিবারিক ও ব্যক্তিগত শত্রুতা—এ দুটি বিষয় সামনে রেখে তদন্ত চলছে।
এ মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মাসুদ পারভেজের ভাষ্য, জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চেয়ে আজ দুপুরে সান্টুকে আদালতে পাঠানো হবে।
গতকাল সোমবার সকালে বাসুপাড়া ইউনিয়নের দেউলা গ্রামের নিজ বাসায় মা আকলিমা খাতুন (৪৫) ও ছেলে জাহিদুল ইসলামের (২৫) গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় আকলিমা খাতুনের ছেলে দুলালউদ্দিন বাদী হয়ে বাগমারা থানায় একটি হত্যা মামলা করেন।
আজ সকালে নিহত দুজনের ময়নাতদন্ত রাজশাহী মেডিকেল কলেজ মর্গে সম্পন্ন হয়েছে।
কেএইচ





