গাজীপুরের শ্রীপুরে ছেলের রডের আঘাতে স্কুলশিক্ষক বাবা আবদুল ওয়াদুদ ওরফে বাবুল মাস্টার (৫৫) খুন হয়েছেন। এ ঘটনায় ছেলে ইমরান ফকিরকে (২৫) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার রাত দেড়টায় উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত বাবুল মাস্টার একই গ্রামের সিরাজ ফকিরের ছেলে। তিনি পাশের কাপাসিয়া উপজেলার তরগাঁও ইউনিয়নের কোহিনুর বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা করতেন।
শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) হাবিবুর রহমান বলেন, গতকাল রাতে লতিফপুর দক্ষিণপাড়া গ্রামে নিজ বাড়িতে বাবুল মাস্টার ও তাঁর ছেলে রাতুলের মধ্যে টাকা নিয়ে কথাকাটাকাটি হয়।
একপর্যায়ে ঘরে থাকা রড দিয়ে বাবাকে পিটিয়ে গুরুতর আহত করেন রাতুল। নিজেই ৯৯৯-এ ফোন দিয়ে পুলিশকে ঘটনাটি জানান তিনি। পরে রাতুলকে আটক করে পুলিশ।
গুরুতর আহতাবস্থায় বাবুল মাস্টারকে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত ছেলেকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশীদ আলম বলেন, ‘রাতুল অত্যন্ত মেধাবী শিক্ষার্থী। সে প্রায়ই টাকার জন্য বাবার সঙ্গে ঝগড়া করত। প্রতি মাসে রাতুলের চাহিদা অনুযায়ী টাকা পাঠানো হতো। তবে অতিরিক্ত টাকা দিতে অপারগতা প্রকাশ করলে প্রায়ই বাবা-ছেলের মধ্যে ঝগড়া হতো।’
তার বাবা তাকে চাহিদামতো লেখাপড়ার খরচ দিত না। এ নিয়ে প্রায়ই তার বাবার সঙ্গে মনোমালিন্য হতো বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।
এএস





