মাগুরার শালিখা উপজেলার পুলুম গ্রামে মাকে গলা কেটে হত্যা করেছে পান্নু মোল্লা নামে এক যুবক। এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে সোপর্দ করেছে।

বুধবার (২৭ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল খান জানান, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে মা রাজিয়া খাতুনকে (৬৫) ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করেছে পান্নু মোল্লা।

ঘটনাটি টের পেয়ে এলাকাবাসী ঘাতক ছেলেকে আটক করে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে পান্নুকে থানায় নিয়ে যায়।

নিহত রাজিয়া খাতুন পুলুম গ্রামের মকছেদ মোল্লার স্ত্রী।

ওসি জিহাদ খান জানান, বাবা-মা’র ওপর নির্যাতনের অভিযোগে এর আগেও পুলিশ পান্নুকে আটক করেছিলো।

ওএফ