বাংলাদেশে টানা বৃষ্টির ফলে কক্সবাজার জেলায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে নারী ও শিশুসহ ৫ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের দুজন সদস্য রয়েছেন।
তারা সম্পর্কে মা ও মেয়ে। এছাড়া ধসে পড়া মাটির নিচ থেকে আহত দুজনকে উদ্ধার করা হয়েছে।
সোমবার ভোররাত দুটোর দিকে সদর উপজেলার কবরস্থান পাড়ায় এই ঘটনা ঘটে।
এরপর ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধারকাজ শুরু করে এবং পরে তাদের সাথে সেনাবাহিনীর সদস্যরাও যোগ দেন। বিকেল তিনটার কিছু আগে উদ্ধারকাজ শেষ করা হয়।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার ইন চার্জ আব্দুল মজিদ জানান, টানা বৃষ্টিপাতের ফলে পাহাড় ধসের ঘটনা ঘটে এবং ধসে পড়া পাহাড়ের মাটির নিচ থেকে প্রথমে চারজনের মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর দুপুরের দিকে মৃত আরও একজনের দেহ বের করে আনা হয়।
মিস্টার মজিদ জানান, এরা পাহাড়ের পাদদেশে ঘর তুলে ঝুঁকি নিয়ে বসবাস করে আসছিল। প্রশাসনের নির্দেশের পরও তাদের সরানো যায়নি। এই ধসের পর পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের সরে যেতে আবারও নির্দেশ দিয়েছে প্রশাসন।
এআই/এমকে





