রাজধানীর মিরপুরে তিন মাসের বকেয়া বেতন ও চাকরিতে পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেছেন মেট্রোরেল শ্রমিকরা।

আজ (০৭ জুন) রোববার সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আগারগাঁও স্বাস্থ্য ভবনের সামনে তারা বিক্ষোভ করেন। পরে পুলিশ এসে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

জানা গেছে, করোনা মহামারীর মধ্যে মেট্রোরেলের ইঞ্জিনিয়ার, সুপারভাইজারসহ ২ হাজার ৫৯৬ জন শ্রমিককে ছাঁটাই করা হয়েছে। মার্চ পর্যন্ত বেতন পেলেও গত তিন মাস তাদের কোনো বেতন পাননি। এ সময় ছাঁটাইকৃতদের অবিলম্বে চাকরিতে পুনর্বহাল ও তিন মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানান বিক্ষুব্ধ শ্রমিকরা।

শ্রমিকরা বলেন, করোনা পরিস্থিতিতে আমাদের অন্যায়ভাবে ছাঁটাই করা হয়েছে। এটা আমরা মেনে নেব না। মহামারীর সময় কাজ না করলেও সরকারের নিয়ম অনুযায়ী আমাদের ৬৫ ভাগ বেতন দিতে হবে।

মেট্রোরেলের ট্রান্সপোর্ট অপারেটর হামিদুর রহমান বলেন, আজ সকাল ৭টা থেকে দুপুর ১২টা পর্যন্ত শান্তিপর্ণ বিক্ষোভ করেছি। পরে পুলিশ এসে আমাদের সরিয়ে দিয়েছে। তবে দাবি আদায়ে আগামীকাল সোমবার উত্তরায় মেট্রোরেলের হেড অফিসের সামনে তারা বিক্ষোভ করবেন বলে জানান তিনি।

এমবি