রাজধানীর রামপুরায় শিবিরকর্মী সন্দেহে দুজনকে আটক করেছে রামপুরা থানা পুলিশ। আটককৃতদের নাম-পরিচয় জানা যায়নি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) জামায়াতের ডাকা প্রথম দফার হরতালের সকালে পিকেটার সন্দেহে তাদের আটক করা হয়েছে।

রামপুরা থানার অপারেশন অফিসার মোস্তাফিজুর রহমান, সন্দেহজনক গতিবিধি ও পিকেটার সন্দেহ হওয়ায় দুজনকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের উদ্দেশ্যে।

মানবতাবিরোধী অপরাধের দায়ে আলবদর প্রধান ও দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডের প্রতিবাদে এ হরতালের ডাক দিয়েছে জামায়াত।

রায় ঘোষণাকে কেন্দ্র করে আগে থেকেই হরতালের প্রস্তুতি নিচ্ছিল স্বাধীনতাবিরোধী দল জামায়াত। তবে, বুধবার দুপুরে রায় ঘোষণার পরপরই জামায়াতের প্রচার বিভাগ বেলা পৌনে ১টার দিকে তিন দিনের হরতাল কর্মসূচির কথা নিশ্চিত করে।

পরে দলটির কেন্দ্রীয় প্রচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত মো. ইব্রাহীম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে হরতালসহ অন্যান্য প্রতিবাদ কর্মসূচির ঘোষণা দেয়া হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ অক্টোবর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হয়ে প্রথম দফার হরতাল চলবে ৩১ অক্টোবর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত।

দ্বিতীয় ধাপের হরতাল শুরু হবে রোববার সকাল ৬টায়। টানা ৪৮ ঘণ্টার এ হরতাল শেষ হবে মঙ্গলবার সকাল ৬টায়।

কেএইচ