গোপালগঞ্জের মুকসুদপুরে কাভার্ড ভ্যান চাপায় ২ জন নিহত ও অপর ৩ জন আহত হয়েছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কে, উপজেলার কলেজ মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনার প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে এক ঘন্টা মহাসড়ক অবরোধ করে রাখে। এতে দু’পাশে আটকা পড়ে বেশ কিছু যানবাহন। নিহত দুই শ্রমিক হলেন, গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার লোহাচূড়া গ্রামের শাহ্জাহান মোল্যার ছেলে নূর আলম মোল্যা (৩২) ও একই উপজেলার কমলাপুর গ্রামের আক্তার মোল্যার ছেলে সবুজ মোল্ল্যা (২২)।

মকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সালাউদ্দিন মিয়া ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী সোনারগাঁ কুরিয়ার ও পার্সেল সার্ভিসের একটি কাভার্ড ভ্যান ওই স্থানে একটি নসিমনকে সাইড দিতে গেলে নিয়ন্ত্রণ হায়িয়ে ফেলে। এ অবস্থায় চালক রাস্তার পাশে গাড়ি মেরামতের কাজে কর্মরত কয়েকজন শ্রমিকের ওপর উঠিয়ে দিলে ঘটনাস্থলেই সবুজ ও নুর আলম নিহত হয়। এ সময় অপর আরো ৩ শ্রমিক আহত হয়।

এরপর পাশ্ববর্তী একটি পেট্রোল পাম্পে কাভার্ড ভ্যানটি রেখে চালক পালিয়ে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করে। মারাত্মক আহত ২ জনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং অপর ১ জনকে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হয়েছে।

ঘটনার প্রতিবাদে ও স্পীড ব্রেকার নির্মাণের দাবিতে বিক্ষুব্ধ জনতা ঢাকা-খুলনা মহাসড়কের ওপর গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে রাখে। পরে খবর পেয়ে জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান ঘটনাস্থলে গিয়ে স্পীড ব্রেকার নির্মাণের আশ্বাস দিলে একঘন্টা পর অবরোধ তুলে নেয় স্থানীয় জনতা। অবরোধের ফলে মহাসড়কে আটকা পড়ে বেশ কিছু যানবাহন।

ঢাকা, ১৬ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই